খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পথাছড়া/বড়পিলাক এলাকায় চলমান খাল খনন প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপিডিএফ (প্রসীত) এর এক নেতার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে ইউপিডিএফের (প্রসীত) গুইমারা উপজেলা পোস্ট কমান্ডার দুর্জয় চাকমা ভেকু (খননযন্ত্র) পরিচালক শহিদুল ইসলামের কাছে মুঠোফোনে হুমকি দেন। এ সময় তিনি খাল খননের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন বলে অভিযোগ করা হয়।
এর প্রেক্ষিতে সোমবার (১৮ মে) থেকে পথাছড়া/বড়পিলাক এলাকায় খাল খননের কাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, দুর্জয় চাকমা ভেকু পরিচালকের কাছে তাদের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পুনরায় কাজ শুরু করার নির্দেশনা দেন।
এদিকে অভিযোগ উঠেছে, ইউপিডিএফ সদস্য দুর্জয় চাকমা প্রকল্পে কর্মরত শ্রমিকদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে চাঁদা আদায় করেছেন।
তবে এ বিষয়ে ইউপিডিএফের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


