ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় পার্বত্য জেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটিতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টা ১০ মিনিটে রাঙামাটি শহরের অধ্যাপক কুমার সমিত জিমনেসিয়াম মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে তেজগাঁও থেকে সকাল ১১টা ২০ মিনিটে সারা দেশে একযোগে ‘ভূমি সেবা মেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

রাঙামাটির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন, আরডিসি ফাহমিদা জেরিন এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার।

এছাড়াও অনুষ্ঠানে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙামাটির বিভিন্ন উপজেলার ভূমি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, ভূমি সেবা গ্রহণকারী সাধারণ মানুষ, হেডম্যান ও কারবারিসহ প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ ভূমিসেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।