পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, সম্প্রীতি রক্ষা এবং সুষম উন্নয়নে কাজ করবে সরকার বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। এছাড়া পার্বত্য অঞ্চলের উন্নয়নে খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, উৎপাদিত ফল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং সাজেক পর্যটনকেন্দ্রে যাতায়াত সুবিধা বাড়াতে সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
সোমবার (১১ মে) খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পার্বত্য চট্টগ্রামের জনগণের সার্বিক কল্যাণে কাজ করছে। জনআকাঙ্ক্ষা পূরণে শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে।
তিনি আরও বলেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এবং স্থানীয় জনগণের কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি দুর্গম এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


