মিয়ানমারে সংঘাতের মধ্যে স্কুল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিমান হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় তিন শিশুসহ এক নবজাতক নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ শিশু। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
মঙ্গলবার (০৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, গত ৩১ অক্টোবর কায়াহ রাজ্যে বাস্তুচ্যুত পরিবারগুলোর শিশুদের জন্য পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালানো হয়। এতে তিন শিশু নিহত এবং আরও পাঁচজন আহত হয়।

এছাড়া রাখাইন রাজ্যেও গত সপ্তাহান্তে একাধিক বিমান হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি হামলায় অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ইউনিসেফ জানায়, মিয়ানমারের শিশু ও পরিবারগুলো দীর্ঘদিন ধরে সংঘাত ও বাস্তুচ্যুতির শিকার হচ্ছে। এমন পরিস্থিতিতে স্কুল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা শিশুদের জীবনকে আরও ঝুঁকির মুখে ফেলছে।
সংস্থাটি সংঘাতের সব পক্ষের প্রতি শিশুদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা বন্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ইউনিসেফ বলেছে, প্রতিটি শিশুর নিরাপদে বেঁচে থাকার অধিকার রয়েছে। শিশুদের জন্য স্কুল এবং নবজাতকদের জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র অবশ্যই নিরাপদ রাখতে হবে।


