চীনা নৌবাহিনীর ৪৮তম এসকর্ট টাস্ক গ্রুপ গালফ অব এডেন থেকে ফেরার পথে বাংলাদেশ, মিয়ানমার ও মালয়েশিয়ায় বন্দর সফর করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন এ তথ্য জানিয়েছেন। খবর দ্য ইরাওয়ার্দীর।
৪৮তম এসকর্ট টাস্ক গ্রুপে রয়েছে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘তাংশান’, ফ্রিগেট ‘দাচিং’ এবং সরবরাহকারী জাহাজ ‘তাইহু’। ২০২৫ সালের অক্টোবরে গালফ অব এডেন ও সোমালিয়ার উপকূলীয় জলসীমায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় এসকর্ট মিশনে অংশ নিতে এসব জাহাজ যাত্রা শুরু করে।
জিয়াং বিন জানান, সফরকালে সংশ্লিষ্ট দেশগুলোর নৌবাহিনীর সঙ্গে পেশাগত মতবিনিময় এবং জাহাজ পরিদর্শনের মতো কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসব সফরের মাধ্যমে দীর্ঘদিনের বন্ধুত্ব ও কৌশলগত পারস্পরিক আস্থা আরও জোরদার হবে বলে জানান তিনি।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এসব বন্দর সফরের আয়োজন করা হচ্ছে।
চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনী ২০০৮ সালের ডিসেম্বর থেকে গালফ অব এডেনে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় নিয়মিত এসকর্ট মিশন পরিচালনা করে আসছে।


