মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মঙ্গলবার (০৩ নভেম্বর) আইসিজে এ তথ্য জানায়।
আইসিজে জানায়, ১৯ নভেম্বর গ্রিনিচ মান সময় সকাল ৮টায় বিচারকেরা মামলার রায় পড়া শুরু করবেন।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। ২০১৭ সালে দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত অভিযানকে গণহত্যা হিসেবে উল্লেখ করে গাম্বিয়া।
ওই অভিযানের পর প্রাণ বাঁচাতে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। রোহিঙ্গারা সে সময় হত্যা, ব্যাপক ধর্ষণ, নির্যাতন ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন।
জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশনও ওই অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার কথা উল্লেখ করেছিল।
তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধভাবেই ওই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল।
আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলাটির রায় আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। এ ধরনের মামলায় আদালতের ইতিহাসে এটি হবে তৃতীয় রায়।
বিশ্লেষকদের মতে, এ মামলার রায় ভবিষ্যতে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে দায়ের করা অন্যান্য মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এর মধ্যে রয়েছে গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার করা মামলা। তবে ইসরায়েলও এ অভিযোগ অস্বীকার করেছে।
দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের বিরুদ্ধে এ মামলার রায় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।


