ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোসহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে অবৈধভাবে আড়িপাতার অভিযোগে পুলিশের তিন শীর্ষ কর্মকর্তাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আন্তারার বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
আটক কর্মকর্তারা হলেন- প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জেনারেল লিস্তিও সিগিত প্রাবোও, জাতীয় পুলিশের আইন বিভাগের প্রধান ইন্সপেক্টর জেনারেল আহরি সোনতা নাসুতি এবং পুলিশ শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ প্রশিক্ষক ইন্সপেক্টর জেনারেল একো হাদি সান্তোসো। তাদের পুলিশ সদর দপ্তরের আটককেন্দ্রে রাখা হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত সংস্থার প্রধান আসেপ সাফরুদ্দিন জানান, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন আলামত জব্দের পর তিন কর্মকর্তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রেসিডেন্ট, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতা, এনজিওকর্মী ও ব্যবসায়ীদের ফোনে অবৈধভাবে আড়িপাতার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
তদন্ত সংশ্লিষ্টদের বরাত আরব নিউজ জানিয়েছে, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ২০১০ সালের জাতীয় পুলিশবিষয়ক বিধিমালায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করেই ফোনে আড়িপাতার নির্দেশ দিয়েছিলেন অভিযুক্ত কর্মকর্তারা।
সাফরুদ্দিন আরও জানান, এ ঘটনায় ১০ জন সাক্ষী ও তিনজন বিশেষজ্ঞের বক্তব্য নেওয়া হয়েছে। পাশাপাশি ১১টি মোবাইল ফোন, একটি আইপ্যাড ও চারটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে।
পুলিশের অভিযোগ, প্রয়োজনীয় যাচাই ছাড়াই কয়েকটি ফোন নম্বর ‘লফুল ইন্টারসেপশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (এলআইএমএস)-এ যুক্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে ওই ব্যবস্থায় আড়িপাতার মাধ্যমে সংগৃহীত কথোপকথনের ফাইল মুছে ফেলার নির্দেশও দেওয়া হয়। তদন্তকারীদের ধারণা, প্রমাণ গোপন ও নজরদারির চিহ্ন মুছে ফেলতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল।
এদিকে দেশটির আইন, মানবাধিকার, অভিবাসন ও সংশোধনাগারবিষয়ক সমন্বয়মন্ত্রী ইউস্রিল ইহজা মাহেন্দ্র জানিয়েছেন, তদন্তকারীরা এখন পর্যন্ত এ ঘটনায় রাষ্ট্রদ্রোহের কোনো ইঙ্গিত পাননি। তবে প্রেসিডেন্ট ও সরকারি মন্ত্রীদের ফোনে আড়িপাতার অভিযোগকে তিনি অত্যন্ত গুরুতর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার নতুন ফৌজদারি আইনের ২৫৮ ধারায় অভিযোগ আনার প্রস্তুতি চলছে। এ ধারায় ব্যক্তিগত ইলেকট্রনিক যোগাযোগে বেআইনি আড়িপাতা, রেকর্ড, নজরদারি ও তথ্য পরিবর্তনের মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
এছাড়া ফৌজদারি আইনের ৩৩২ ধারা এবং ইলেকট্রনিক তথ্য ও লেনদেন আইনের ৩২ ধারায়ও তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। এসব ধারায় অপরাধের জন্য যথাক্রমে সর্বোচ্চ ছয় ও আট বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
সূত্র: আরব নিউজ


