মিয়ানমার সরকার জেনারেল কো কো ও-কে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল ন্যুন্ত উইন সোয়েকে তার আগের সামরিক দায়িত্বে ফিরিয়ে নেওয়া হবে। চলতি বছরের এপ্রিলেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

জেনারেল কো কো ও (বামে) এবং লেফটেন্যান্ট জেনারেল ন্যুন্ত উইন সোয়ে

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল কো কো ও এর আগে সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সমন্বয় কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইং ক্ষমতা গ্রহণের পর থেকে জেনারেল কো কো ও ধারাবাহিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব পালন করে আসছেন। এবার তাকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো।

এর আগে মিয়ানমারের সাবেক সামরিক শাসন স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল (এসপিডিসি)-এর আমলে জেনারেল কো কো ও তৎকালীন উপ-সেনাপ্রধান ভাইস সিনিয়র জেনারেল মং অয়ে-এর পার্সোনাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবেও দায়িত্ব পালন করেন।

মিয়ানমারের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকায় নতুন এই নিয়োগকে দেশটির প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: দ্য ইরাওয়ার্দী