ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য আহত হয়েছেন। এ সময় বিএসএফের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিন নারীসহ অন্তত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন আশাবাড়ি গ্রামে গত সোমবার এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চোরাচালানের সন্দেহে এক ব্যক্তিকে আটক করে নির্যাতন করেন বিএসএফ সদস্যরা। এতে ওই ব্যক্তির পায়ের হাড় ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।

এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসী সড়ক অবরোধ করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদমর্যাদার এক কর্মকর্তাসহ কয়েকজন সদস্য গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় উত্তেজিত বাসিন্দারা লাঠিসোঁটা ও বাঁশ নিয়ে তাঁদের ওপর হামলা চালান।

হামলায় বিএসএফের অন্তত তিন সদস্য আহত হন। পাশাপাশি তাঁদের গাড়ি ভাঙচুর করা হয় এবং সদস্যদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চালানো হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর কালামচৌড়া থানার পুলিশ অভিযান চালিয়ে তিন নারীসহ নয়জনকে গ্রেপ্তার করে। তাঁদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে। এ ছাড়া হামলায় জড়িত সন্দেহে আরও অন্তত ১০ জনকে শনাক্ত করেছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে যান বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্সি রানীসহ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বর্তমানে আশাবাড়ি গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে ঘটনাটি ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তাকর্মীদের ওপর এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা ও সিপিআইএম নেতা জীতেন্দ্র চৌধুরীও হামলার সমালোচনা করেছেন। তবে সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালানে জড়িত ব্যক্তিরা ক্ষমতাসীন দলের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের অভিযোগ বিবেচনায় নিয়ে ঘটনার তদন্ত চলছে।