জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত হচ্ছে অনানুষ্ঠানিক গোপন ভোট।

‘স্ট্র পোল’ নামে পরিচিত এ ভোটের মাধ্যমে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাতজন প্রার্থীর প্রতি নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদেশের সমর্থনের মাত্রা যাচাই করা হবে। ভোটে সদস্যরা প্রতিটি প্রার্থীর ক্ষেত্রে তিন ধরনের মতামত দিতে পারবেন—‘সমর্থন করি’, ‘সমর্থন করি না’ অথবা ‘কোনো মতামত নেই’।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস টানা দুই মেয়াদ, অর্থাৎ মোট ১০ বছর দায়িত্ব পালন শেষে চলতি বছরের শেষদিকে পদ ছাড়বেন। পর্তুগালের নাগরিক গুতেরেসের উত্তরসূরি হিসেবে আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল ও উগান্ডার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতিসংঘে মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের অনানুষ্ঠানিক ভোট সাধারণত একাধিক দফায় অনুষ্ঠিত হয়। প্রতিটি দফার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের প্রতি সদস্যদেশগুলোর সমর্থনের চিত্র স্পষ্ট হয় এবং ধীরে ধীরে সম্ভাব্য ঐকমত্যের দিকে অগ্রসর হয় নিরাপত্তা পরিষদ।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, নির্বাচন প্রক্রিয়া সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে শেষ হতে পারে। তবে কোনো প্রার্থীকে ঘিরে নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে ঐকমত্য না হলে প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।