মিয়ানমারভিত্তিক অনলাইন প্রতারণা চক্র, মাদক পাচার নেটওয়ার্ক এবং অবৈধ অভিবাসনসংক্রান্ত আন্তঃসীমান্ত অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অপরাধ মোকাবিলায় দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা করেছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মিয়ানমারবিষয়ক ইন্টিগ্রেটেড কান্ট্রি স্ট্র্যাটেজি (আইসিএস) নথিতে এসব অপরাধ দমনকে প্রথম কৌশলগত লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও দেশটির নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

পরিকল্পনা অনুযায়ী, অপরাধী চক্র ও নেটওয়ার্কগুলো ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ), ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এবং সংশ্লিষ্ট অংশীদার সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে।

বিশেষ করে মিয়ানমারভিত্তিক অনলাইন প্রতারণা বা ‘পিগ-বাচারিং’ স্ক্যাম চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার সক্ষমতা বাড়াতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা চুক্তি সম্পাদনের উদ্যোগ অব্যাহত রাখবে মার্কিন দূতাবাস।

পাশাপাশি ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া আরও কঠোর করা এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশকারী মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনসংক্রান্ত সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

পর্যবেক্ষকদের মতে, ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে অনলাইন প্রতারণা ও মানব পাচারসংশ্লিষ্ট অপরাধের বিস্তার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। একই সময়ে দেশটিতে আফিমসহ বিভিন্ন মাদকদ্রব্যের উৎপাদন বৃদ্ধির বিষয়টিও আলোচনায় এসেছে।

এদিকে, আরাকান আর্মি (এএ) নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মাদক বিক্রি বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আরাকানের স্থানীয় বাসিন্দারা।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নতুন কৌশল বাস্তবায়িত হলে মিয়ানমারকেন্দ্রিক অনলাইন প্রতারণা, মাদক পাচার এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরও বাড়তে পারে।