রোহিঙ্গাদের প্রধান রাজনৈতিক সংগঠন আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিল (এআরএনসি) বুথিডংয়ে সংঘটিত সাম্প্রতিক গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে একটি আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
সোমবার (৪ আগস্ট) কাউন্সিলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আরাকান আর্মির হাতে রোহিঙ্গা বেসামরিকদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং যুদ্ধাপরাধের সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে বলা হয়, বুথিডং শহরের দখল নেওয়ার পর আরাকান আর্মির সদস্যরা রোহিঙ্গা গ্রামে ঢুকে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে, বহু বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এবং নারী-শিশুদের ওপর সহিংসতা চালিয়েছে। কাউন্সিলের দাবি অনুযায়ী, শত শত মানুষ নিহত বা আহত হয়েছে এবং হাজার হাজার রোহিঙ্গা নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
এআরএনসি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে এ ঘটনার তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনে। কাউন্সিল উল্লেখ করে, এই সহিংসতা মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি জাতিগত নিধনযজ্ঞের নতুন পর্বের ইঙ্গিত বহন করে, যা রোধে আন্তর্জাতিকভাবে দৃঢ় পদক্ষেপ প্রয়োজন।
কাউন্সিল আরও বলেছে, রোহিঙ্গা জনগোষ্ঠী বারবার এমন সহিংসতার শিকার হচ্ছে, অথচ তাদের সুরক্ষায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া খুবই সীমিত। বিশেষ করে এখন, যখন সামরিক শাসনের বিরুদ্ধে দেশজুড়ে সংঘর্ষ চলমান, তখন রোহিঙ্গাদের অস্তিত্ব রক্ষায় ত্বরিত আন্তর্জাতিক হস্তক্ষেপ একান্ত জরুরি।
বিবৃতিতে আরাকান আর্মিকে একটি জবাবদিহিতাহীন ও উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী হিসেবে উল্লেখ করে বলা হয়, তারা শুধু মিয়ানমারের সামরিক বাহিনীর মতোই বর্বর আচরণ করছে। কাউন্সিল সব ধরনের জাতিগত নিপীড়ন, উগ্র জাতীয়তাবাদ ও সশস্ত্র সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক একতা ও নৈতিক অবস্থান গ্রহণের আহ্বান জানায়।
-পার্বত্য সময়

