স্বজনদের সঙ্গে ভ্রমণে গিয়ে কক্সবাজারে নিখোঁজ হয়েছেন রাঙামাটির রাজস্থলী উপজেলার চিংখ্যং নোয়াপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য আমেরিকা তঞ্চঙ্গ্যা (৭৩)।
শনিবার (১৯ এপ্রিল) সকালে পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। দুপুর ২টার দিকে কলাতলি এলাকায় পৌঁছানোর পর গাড়ি থেকে নামেন এবং এরপর থেকেই নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার।
নিখোঁজ আমেরিকার বড় ছেলে ও চিংখ্যং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরধন তঞ্চঙ্গ্যা জানান, “বাবা গাড়ি থেকে নেমে হঠাৎ করেই কলাতলি বিচ এলাকা থেকে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।”
সাথে থাকা স্বজনরাও জানিয়েছেন, আমেরিকা তঞ্চঙ্গ্যা গাড়ি থেকে নামার পর আর খোঁজ মেলেনি। আমরা অনেক চেষ্টা করেও সন্ধান না পেয়ে ফিরে এসেছি।
পরিবার সূত্রে জানা গেছে, এ বিষয়ে কক্সবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।
নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কক্সবাজার থানা বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
-পার্বত্য সময়

