বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে বান্দরবানে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী ধর্মীয়, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করে উৎসব উদযাপন পরিষদ।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় বান্দরবান-রাঙামাটি সড়কের ক্যামলং যাত্রীছাউনি থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। উজানীপাড়ার চৌরাস্তার মোড়ে গিয়ে প্রতিযোগিতাটি শেষ হয়। এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং।

প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলিয়ে মোট ২২ জন অংশগ্রহণ করেন। ক্যামলং যাত্রীছাউনি থেকে শুরু হওয়া দৌড়টি স্বর্ণমন্দির, বালাঘাটা, ট্রাফিক মোড় ও রাজার মাঠ হয়ে উজানীপাড়ায় গিয়ে শেষ হয়।

এতে প্রতিযোগিতার পুরুষ বিভাগে জসিং থোয়াই মারমা প্রথম, ক্য ক্য মারমা দ্বিতীয় এবং উবাচিং মারমা তৃতীয় স্থান অর্জন করেন। অন্যদিকে, নারী বিভাগে হ্লামে ছাই মারমা প্রথম, ছাইমে থুই মারমা দ্বিতীয় এবং খিং খিং সাইং মারমা তৃতীয় হন।

এসময় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং।

উৎসব উদযাপন পরিষদ জানান, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে উৎসব উদযাপন পরিষদ। এসব কর্মসূচির মধ্যে রয়েছে হ্যান্ডবল টুর্নামেন্ট, মিনি ম্যারাথন দৌড়, মঙ্গল রথযাত্রা, মঙ্গল প্রদীপ প্রজ্বালন, ফানুস উত্তোলন ও পাড়াভিত্তিক পিঠা উৎসবসহ বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন। এসব কর্মসূচির মধ্য দিয়ে উৎসবের ধর্মীয় তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় ম্যারাথন শেষে সময়ের আলো পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি সাংবাদিক কিকিউ এর সঞ্চালনায় এবং থুইসিং প্রু লুবুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য চনুমং, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উ উইন মং জলি, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক উছোমং মারমা'সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।