বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীর উজানে বংড ক্যহলুং (রাজাপাথর) এলাকায় পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক জাওয়াদ-উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে সাঙ্গু নদীর তিন্দুমুখ ও রাজাপাথর এলাকার মাঝামাঝি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) কানন সরকার।

স্থানীয় ও প্রশাসন সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে আলীকদম-থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকা দিয়ে ১৩ জন পর্যটক তিন্দু বাজারে পৌঁছান। পরে বিকেলে তারা তিন্দু ঘাট থেকে দুটি নৌকায় করে রেমাক্রীর উদ্দেশে যাত্রা করেন। একটি নৌকায় ছিলেন ছয়জন এবং অপর নৌকায় ছিলেন সাতজন পর্যটক।

রেমাক্রীর পথে রাজাপাথর এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর প্রবল স্রোতে সাত আরোহী থাকা একটি নৌকা ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন।

নৌকাডুবির পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। টানা দুই দিন অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

রোববার সকালে তিন্দুমুখ ও রাজাপাথর এলাকার মাঝামাঝি স্থানে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

নিহত জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা মরদেহ উদ্ধার করেছেন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল রয়েছে। উদ্ধারকারী দল ফিরে এলে পুরো ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।’