বাংলাদেশ সেনাবাহিনীর বাৎসরিক আকাশ প্রতিরক্ষা গোলাবর্ষণ মহড়া পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) কক্সবাজারের নিদানিয়া আকাশ প্রতিরক্ষা গোলাবর্ষণ প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর এ বাৎসরিক কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাই ফেসবুক পেইজে প্রকাশিত তথ্য অনুযায়ী, পরিদর্শনকালে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও সুসংহত করার লক্ষ্যে পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।”

পরিদর্শনকালে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার অঞ্চলের এরিয়া কমান্ডার, সেনাসদর এবং সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর প্রকাশিত ছবিতে দেখা যায়, সেনাপ্রধানের উপস্থিতিতে সেনাসদস্যরা আকাশ প্রতিরক্ষা গোলাবর্ষণ কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে অংশ নেন। এ সময় সেনাপ্রধানকে সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করতেও দেখা গেছে।