কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। অনলাইন জুয়া, মাদক সেবন, সরকারি আদেশ অমান্যসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে শুরু হয়ে রাত পর্যন্ত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন ক্যাম্পগুলোতে এ অভিযান পরিচালিত হয়।
১৬ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১৬ এপিবিএন, কক্সবাজার জেলা পুলিশ, জেলা প্রশাসন, এসআরবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের ৯০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
অভিযানে আটক ১৭ জনের মধ্যে ১৩ জনকে ছয় মাস করে, একজনকে চার মাস, দুজনকে তিন মাস করে এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া রিকল মূলে একটি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ শেষে আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।’
তিনি জানান, ক্যাম্প এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।


