টেকনাফ উপজেলায় সাম্প্রতিক সময়ে অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অপহরণের ধারাবাহিক ঘটনাগুলো বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা, উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে অপহরণসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশেষ যৌথ অভিযান পরিচালিত হবে।
অভিযানে বাংলাদেশ পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), কোস্ট গার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ব্যাটালিয়ন আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং প্রয়োজন সাপেক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেবেন।
জানা গেছে, অভিযানের আওতায় টেকনাফ উপজেলার লেদা ক্যাম্প, নয়াপাড়া ক্যাম্প, মুচনি ক্যাম্প এবং সংলগ্ন পাহাড়ি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপহরণসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই বিশেষ যৌথ অভিযানের মাধ্যমে অপহরণসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আসবে, সন্ত্রাসী ও অপরাধী চক্রের তৎপরতা দমন হবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ ফিরে আসবে।


