কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে একটি শেল্টার চাপা পড়ে এক রোহিঙ্গা তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিবি হাফসা (১৯) ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকের বাসিন্দা ছমি উল্লাহর মেয়ে। আহত আবদুল মজিদ (৩) একই ব্লকের বাসিন্দা নুর ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, টানা বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢালে থাকা একটি শেল্টারের ওপর হঠাৎ মাটি ধসে পড়ে। এতে শেল্টারটি চাপা পড়লে ঘটনাস্থলেই বিবি হাফসার মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয় শিশু আবদুল মজিদ। পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ ও রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা ভারী বৃষ্টির কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা বেড়েছে। সম্প্রতি উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে একাধিক পাহাড়ধসের ঘটনায় পাঁচ মাদ্রাসাছাত্রীসহ অন্তত ১৪ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।
ক্যাম্প-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং ভূমিধসের ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।


