‘প্রতিটি পাখিই গুরুত্বপূর্ণ- আপনার পর্যবেক্ষণও গুরুত্বপূর্ণ’ স্লোগানে খাগড়াছড়ির দুর্গম এলাকায় বিশ্ব অতিথি পাখি দিবস পালন করা হয়েছে। পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী দুর্গম ধনিরাম পাড়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নাধীন জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষ অংশ নেন। দিবসটি উপলক্ষে পাড়ায় একটি শোভাযাত্রা বের করা হয়। পরে স্থানীয় নারীদের চারটি দলে ভাগ করে হারিয়ে যাওয়া পাখি এবং বর্তমানে এলাকায় দেখা যায়-এমন পাখি শনাক্ত ও পরিচিতি নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পাখির বৈচিত্র্য, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জ্ঞানদর্শী চাকমা এবং উপজেলা ফ্যাসিলিটেটর আহসান হাবিব।

আয়োজকেরা মনে করেন, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ পাখি ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।