সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলউহাব সাইদানি। তিনি চট্টগ্রামের সাতকানিয়া ও কক্সবাজারের মাতারবাড়ীতে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

ঢাকাস্থ আলজেরিয়ান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে রাষ্ট্রদূত এ মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের কেওচিয়া মুজহেরুল হক ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় রাষ্ট্রদূত নিজ হাতে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের কাছে ত্রাণের প্যাকেট পৌঁছে দেন এবং তাদের প্রতি সহানুভূতি ও সংহতি প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ড. সাইদানি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটের সময়ে ঝুঁকিপূর্ণ মানুষের পাশে দাঁড়ানো গুরুত্বপূর্ণ। তিনি স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।

আলজেরিয়ান দূতাবাস জানায়, সাতকানিয়া সফরে গিয়ে নিজ হাতে বন্যাদুর্গত মানুষের মধ্যে সহায়তা বিতরণ করা প্রথম বিদেশি কূটনীতিক হিসেবে রাষ্ট্রদূত সাইদানি স্থানীয় জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

সাতকানিয়ার কর্মসূচি শেষে রাষ্ট্রদূত কক্সবাজারের মাতারবাড়ীতে যান। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যেও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন তিনি।

ত্রাণ পাওয়া স্থানীয় বাসিন্দারা আলজেরিয়ার এই মানবিক উদ্যোগের প্রশংসা করে জানান, এ সহায়তা বন্যার পর তাদের তাৎক্ষণিক প্রয়োজন পূরণে সহায়ক হবে।

আলজেরিয়ান দূতাবাস বলছে, এই উদ্যোগ বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন এবং বাংলাদেশের দুর্যোগকবলিত মানুষের প্রতি আলজেরিয়ার মানবিক সংহতির প্রকাশ।