উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে আজ রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও ধর্মীয় দেশনা শ্রবণসহ নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলার কমলছড়ি আম্রকানন বৌদ্ধ বিহার, গোলাবাড়ী আর্য অরণ্য ভাবনা কুঠির ও ধর্মপুর আর্যবন বিহারসহ বিভিন্ন বিহারে দিনব্যাপী এসব ধর্মীয় আয়োজন চলে। এতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নিয়ে দেশ, জাতি ও বিশ্বের সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সন্ধ্যায় বিভিন্ন বৌদ্ধ বিহারে হাজার প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলনের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনকে ঘিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে প্রবারণা পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। তিন মাসের বর্ষাবাস শেষে এ পূর্ণিমা উদযাপন করা হয়। প্রবারণার মধ্য দিয়ে ভিক্ষুসংঘের বর্ষাবাসের সমাপ্তি ঘটে। এ পূর্ণিমার পরদিন থেকে বিভিন্ন বৌদ্ধ বিহারে শুরু হয় মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব।
বৌদ্ধ ধর্মে কঠিন চীবর দান অন্যতম শ্রেষ্ঠ দান হিসেবে বিবেচিত। এ উৎসবের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ধর্মীয় অনুশীলন, দান ও সেবার চর্চায় অংশ নেন। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা করেন তাঁরা।


