পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হামিদ রানাকে চেয়ারম্যান এবং রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মানকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর শিশু কল্যাণ পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংগঠনের স্থায়ী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া।
সভায় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাবেক কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবিরসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন পরিচালনা করেন স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া।
সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অঞ্চলটিকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে পাহাড়ে বসবাসরত বাঙালি জনগোষ্ঠী বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে বলেও তারা দাবি করেন। তারা এসব ইস্যুতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার এবং বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।


