পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও জলাধার ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে ৫৭ কোটি ৯০ লাখ ১৭ হাজার ৬৫২ টাকা ব্যয়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (০৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপস্থাপিত এ প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে ‘জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও পার্বত্য চট্টগ্রামে জলাধার’ শীর্ষক প্রকল্পটি রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান-এই তিন পার্বত্য জেলায় বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
প্রকল্পের একটি প্যাকেজের আওতায় প্রকল্প বাস্তবায়ন সহায়তা দিতে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য ক্রয় প্রস্তাবটি উত্থাপন করা হয়। এতে প্রধান অংশীদার হিসেবে নেপালের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান এরমসি প্রাইভেট লিমিটেডকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এর সঙ্গে বাংলাদেশের দেব কনসালট্যান্টস লিমিটেড, অরণ্যক ফাউন্ডেশন এবং অনুসন্ধানী ক্রিডস লিমিটেড যৌথভাবে পরামর্শক সেবা দেবে।
প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের জলবায়ু ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকার মানুষের জীবিকার উন্নয়ন, জলাধার ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
পরামর্শক প্রতিষ্ঠানটি প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা, পরিকল্পনা প্রণয়ন, তদারকি ও ব্যবস্থাপনার পাশাপাশি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সমন্বয়ে সহযোগিতা করবে।


