পার্বত্য চট্টগ্রামে বিদেশি পর্যটকদের ভ্রমণে থাকা বিধিনিষেধ দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি বলেন, বিদেশি পর্যটকদের আগমন সহজ করতে পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন।
রোববার (১৯ জুলাই) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ‘সাংস্কৃতিকভাবে সংবেদনশীল, পরিবেশ ও নারীবান্ধব পর্যটন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দীপেন দেওয়ান বলেন, ‘পর্যটনমন্ত্রীকে নিয়ে এসে পার্বত্য এলাকার পরিস্থিতি দেখানো হবে। সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা করেই আমরা কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এখানকার প্রাকৃতিক সম্পদ, ঝরনা, জীববৈচিত্র্য ও সংস্কৃতির প্রতি পর্যটকদের সম্মান দেখাতে হবে।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে অপরিকল্পিত পর্যটনের কারণে স্থানীয় জনগোষ্ঠী, সংস্কৃতি ও পরিবেশ নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। বিশেষ করে নারীবান্ধব ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পর্যটন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি অঞ্চলের পুলিশ সুপার মো. খাইরুল আলম সাজেকে ট্যুরিস্ট পুলিশের একটি ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য সংসদ সদস্য দীপেন দেওয়ানের দৃষ্টি আকর্ষণ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উইমেন রিসোর্স নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়কারী ও টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমা। প্রধান আলোচক ছিলেন চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি অঞ্চলের পুলিশ সুপার মো. খাইরুল আলম এবং জাতীয় মানবাধিকার কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের নারীবিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য শিক্ষাবিদ নিরূপা দেওয়ান।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পর্যটন উদ্যোক্তা, উন্নয়নকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা পর্যটকদের স্থানীয় জনগোষ্ঠীর নীতি, মূল্যবোধ, বিশ্বাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।


