পার্বত্য অঞ্চলে অভ্যন্তরীণ বিমানবন্দর স্থাপনের দাবি জানিয়েছেন খাগড়াছড়ি আসনের এমপি আবদুল ওয়াদুদ ভূঁইয়া। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে তিনি এ দাবি জানান।

মঙ্গলবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের দৃষ্টি আকর্ষণ করেন।

ওয়াদুদ ভূইয়া বলেন, পার্বত্য অঞ্চল ভৌগোলিক ও রাজনৈতিক কারণে অত্যন্ত সংবেদনশীল। দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে ওই এলাকায় নিয়োজিত সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সদস্যদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। সড়কপথে ৮ থেকে ১০ ঘণ্টা সময় লেগে যাওয়ায় জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়ে।

এছাড়া, সাজেক ভ্যালিসহ আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিন ৪ থেকে ৬ হাজার দেশি-বিদেশি পর্যটক পার্বত্য অঞ্চলে আসেন জানিয়ে তিনি বলেন, যাতায়াত সুগম হলে এ অঞ্চলে পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সীমান্ত নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে পার্বত্য সীমান্ত এলাকাটি বেশ ঝুঁকিপূর্ণ। সীমান্ত অরক্ষিত থাকার সুযোগে অবৈধ অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠী প্রায়ই তৎপরতা চালায়। এ অবস্থায় নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলা এবং দ্রুত কর্মকর্তা ও বাহিনীর চলাচলের জন্য একটি বিমানবন্দর অত্যন্ত জরুরি।

তাই বিদ্যমান সড়কপথের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে দ্রুত অভ্যন্তরীণ বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়ার জোর আহ্বান জানান তিনি।