বান্দরবান জেলা শহরে নিজের মালিকানাধীন রিসোর্টে এক নারীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম শৈক্যসিং মারমা। তিনি এনসিপির বান্দরবান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান জেলা শহরের বালাঘাটা সড়কের পাশের একটি পাহাড়ে শৈক্যসিং মারমার মালিকানাধীন একটি রিসোর্ট রয়েছে। শুক্রবার দুপুরে ওই রিসোর্ট থেকে এক নারীর চিৎকার ও কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা রিসোর্টে গিয়ে ওই নারীকে কান্নারত অবস্থায় দেখতে পান।

এ সময় ওই নারী স্থানীয় লোকজনকে অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শৈক্যসিং মারমা তাকে রিসোর্টে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে বিয়ের কথা বললে শৈক্যসিং তাতে রাজি হননি। একপর্যায়ে তাকে রিসোর্ট থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন ওই নারী। পরে স্থানীয় বাসিন্দারা তাকে পুলিশের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে এনসিপির বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক মং সা প্রু চৌধুরী বলেন, শৈক্যসিং মারমার বিষয়ে তারা তদন্ত করে দেখছেন। তাকে এবং দলকে হেয় করতে কোনো ষড়যন্ত্র করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ওই নারীকে রিসোর্ট থেকে থানায় নিয়ে আসে। তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানার পর শৈক্যসিং মারমাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তার শৈক্যসিং মারমাকে শনিবার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং অভিযোগকারী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে জানান মাসুদ পারভেজ।