চট্টগ্রামের মীরসরাইয়ে অভিযান চালিয়ে ১৯ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার ছোটফরিংগা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এসব শাড়ি জব্দ করা হয়।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। ভোর সাড়ে ৫টার দিকে ছোটফরিংগা বিওপির সীমান্ত পিলার ২২০৩/২-আরবি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নয়াটিলা মাজারসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৩৬ হাজার টাকা। এসব শাড়ি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত রাখতে সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেছে সীমান্তরক্ষী বাহিনী।


