রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ জুলাই জারি করা সাজেক ভ্রমণের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্রে পর্যটকেরা স্বাভাবিকভাবে ভ্রমণ করতে পারবেন।

তবে চলমান বর্ষা মৌসুমে পার্বত্য এলাকায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে স্থবির হয়ে পড়া পর্যটন খাতে আবারও গতি ফিরবে বলে আশা করছেন স্থানীয় প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্টরা। ইতিমধ্যে পর্যটকদের বরণ করে নিতে সাজেকের বিভিন্ন রিসোর্ট ও কটেজ প্রস্তুতি শুরু করেছে।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, টানা বৃষ্টি ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তাঁদের প্রতিষ্ঠানের প্রায় ২০ শতাংশ বুকিং বাতিল হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা করে মোট প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাসের প্রেক্ষিতে এবং রাঙামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্নস্থানে ভূমিধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রায় ৯ দিন পর আবারও জেলা প্রশাসনের নির্দেশনায় সকলের জন্য উন্মুক্ত হলো সাজেক ভ্যালিসহ উপজেলার সব পর্যটন স্পট।