সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের চলমান অস্থিরতা নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ৫ নভেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাঙামাটিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তারা এসব কথা বলেন। এ সময় পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন অব্যাহত রাখা এবং চলমান সংকট নিরসনে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন তারা।

আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, প্রতিবছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পার্বত্য অঞ্চলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে দেখা যায়। এ সময় দেশের বিভিন্ন স্থানে অধ্যয়নরত পাহাড়ি শিক্ষার্থীদের অনেকে ছুটিতে এলাকায় আসেন। তরুণদের এই সমাবেশকে কোনো কোনো আঞ্চলিক সংগঠন নিজেদের উদ্দেশ্যে ব্যবহার করতে পারে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের স্থানীয় অর্থনীতিতে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ খাতের সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবিকা জড়িত। ফলে পর্যটন কার্যক্রম ব্যাহত হলে সব সম্প্রদায়ের মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট আঞ্চলিক সংগঠনগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

সংকট নিরসনে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। আন্দোলনে যুক্ত বিভিন্ন সংগঠনও আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। প্রশাসনের উপযুক্ত পর্যায়ে আলোচনা করে সমাধানের পথে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, সাজেককে কেন্দ্র করে রাঙামাটি ও খাগড়াছড়িতে চলমান অবরোধকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন দীপেন দেওয়ান। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের যেকোনো ঘটনা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা জরুরি। পরিস্থিতিকে অবহেলা না করে সরকারকে আনুষ্ঠানিকভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

দীপেন দেওয়ান আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ লক্ষ্য। এ বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংকট সমাধানের চেষ্টা করা হবে।

তিনি জানান, আগামী ৫ নভেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সাজেকসহ পুরো পার্বত্য অঞ্চলের অস্থিরতা নিরসনের বিষয়টি উত্থাপন করবেন। বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।