আধিপত্যের দ্বন্দ্বকে কেন্দ্র করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে দ্বিতীয় দফায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা থেকে দ্বিতীয় দফায় অবরোধ শুরু হয়।

অবরোধের ফলে বন্ধ রয়েছে পর্যটনকেন্দ্র সাজেকের সাথে সব ধরনের যান চলাচল। রিসোর্ট-কটেজসহ পর্যটন খাতসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।

ইউপিডিএফ সমর্থিত সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশনের ব্যানারে গতকাল বুধবার এ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে সাজেকে থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলে সাজেকে ধারাবাহিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি প্রর্দশনের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও স্থানীয়দের সার্বিক নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে রোববার (১১ অক্টোবর) সকার ৬টা থেকে সাজেকে সড়ক অবরোধের ডাক দেয় ওই দুটি সংগঠন।

অবরোধের শুরুতে দীঘিনালার জোড়াব্রিজ, গঙ্গারামব্রিজ ও মাচালংয়ের ১৪ কিলোমিটার এলাকায় সড়কের বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে পিকেটিং করতে দেখা যায়। অবরোধের কারণে সাজেক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে সাজেকের রিসোর্ট, কটেজ ও পর্যটন খাতসংশ্লিষ্ট অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান। এতে পর্যটননির্ভর ব্যবসায়ী, স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও আশপাশের এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ আর্থিক সংকটে পড়েছেন।

স্থানীয়রা জানায়, সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ -এর মদদপুষ্ট।