খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি ও গুইমারা এলাকায় শান্তিপূর্ণ অবরোধের ঘোষণা দেওয়া হলেও অস্ত্র হাতে মোটরসাইকেলে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তাদের ইউপিডিএফের সাথে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর ড্রোনে ধারণ করা ভিডিওতে রাঙ্গাপানি এলাকায় দুইটি মোটরসাইকেলে ৫ থেকে ৬ জনকে চলাচল করতে দেখা যায়। ভিডিওতে তাদের কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্রসদৃশ বস্তু দেখা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, সকাল থেকে লক্ষ্মীছড়ি ও গুইমারার বিভিন্ন এলাকায় কয়েকটি দলে বিভক্ত হয়ে মোটরসাইকেলে সশস্ত্র অবস্থায় তাদের চলাচল করতে দেখা যায়। নিরাপত্তা বাহিনীর ড্রোনের উপস্থিতি টের পেয়ে তাদের দ্রুত সরে যেতে দেখা যায় বলেও দাবি করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, রাঙ্গাপানি এলাকার একটি সড়ক দিয়ে দুইটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এগিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে কয়েকজনের হাতে অস্ত্রসদৃশ বস্তু রয়েছে। পরে ড্রোনের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলগুলো দ্রুত ওই এলাকা থেকে সরে যায়।
এদিকে, ইউপিডিএফের পক্ষ থেকে অবরোধকে শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। তবে ভিডিওতে অস্ত্র হাতে ব্যক্তিদের চলাচলের দৃশ্য সেই ঘোষণাকে ঘিরে প্রশ্ন তৈরি করেছে।
ভিডিওটির স্থান হিসেবে রাঙ্গাপানি এলাকা, লক্ষ্মীছড়ি ও গুইমারা উল্লেখ করা হয়েছে।


