তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১৯ জুলাই) তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদারের লক্ষ্যে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
এ সফরের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
সফর শেষে আগামী সপ্তাহে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।


