নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) অনুদানের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর চ্যানেল টোয়েন্টিফোরের।

ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে এই সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এই অর্থ দেওয়া হবে।

জানা গেছে, অনুদানের বিষয়টি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে রয়েছে।

এদিকে নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা ক্রমেই বাড়ছে। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, আকস্মিক বন্যার পর দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।

চীনের অংশেও এই দুর্যোগে অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন।

ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের জন্য বাংলাদেশের জরুরি আর্থিক সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি মানবিক সহযোগিতারও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।