পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল ভিত্তি হবে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ অবস্থানের কথা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করা হবে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে দুই দেশ অভিন্ন ভবিষ্যতের চীন-বাংলাদেশ সম্প্রদায় গড়ে তোলার লক্ষ্যে বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়। পাশাপাশি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের প্রত্যাবাসন, বহুমুখী পরিবহন করিডর, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে দুই দেশের বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা করা হয় এবং জ্বালানি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে মতৈক্য হয়। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান লাভরভ।
পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়। বৈঠকে খলিলুর রহমান মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। রুবিওও ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব উচ্চপর্যায়ের বৈঠক ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির আলোকে জাতীয় স্বার্থ সমুন্নত রেখে প্রধান বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন।
খলিলুর রহমান বর্তমানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ৩৩তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।


