রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার কর্তৃপক্ষের ওপর অব্যাহত চাপ বজায় রাখতে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ইরাকের বাগদাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫২তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা হিসেবে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির সদস্যরাষ্ট্রগুলোকে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ তৈরিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই মানবিক সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে মুসলিম উম্মাহকে আরও ঐক্যবদ্ধ হতে হবে এবং সক্রিয় পদক্ষেপ নিতে হবে।

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা এবং তাদের ওপর ধারাবাহিক চাপ বজায় রাখার জন্য ওআইসির সদস্যরাষ্ট্র ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠকে বক্তব্য দিতে গিয়ে হুমায়ুন কবির মুসলিম বিশ্বের সামনে উদ্ভূত নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় আরও শক্তিশালী, আধুনিক ও গতিশীল ওআইসি গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক সংকট কার্যকরভাবে মোকাবিলার জন্য সংস্থাটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সম্মিলিত উদ্যোগ এবং দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা আরও জোরদার করা প্রয়োজন।

ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের ওপর ইসরায়েলি নৃশংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানান।

তিনি ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এছাড়া বিশ্বজুড়ে ইসলামবিদ্বেষের ক্রমবর্ধমান প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।