বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ বার্ষিক সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ আজ রোববার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। দুই দেশের সেনাবাহিনীর ১৬০ জনের বেশি সদস্য এ মহড়ায় অংশ নিচ্ছেন।
শনিবার (১৮ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ এই মহড়ার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং যৌথভাবে কাজ করার সক্ষমতা আরও জোরদার হবে। একই সঙ্গে বাস্তব পরিস্থিতিতে অভিযান পরিচালনার দক্ষতা ও প্রস্তুতি বৃদ্ধিতেও এ মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এবারের ‘টাইগার লাইটনিং-২৬’ মহড়ায় বনাঞ্চলে সামরিক অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের জরুরি চিকিৎসা (কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। শ্রেণিকক্ষভিত্তিক তাত্ত্বিক প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ে ব্যবহারিক অনুশীলনেরও আয়োজন রাখা হয়েছে। মহড়ার সমাপনী পর্বে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স) অনুষ্ঠিত হবে।
মার্কিন দূতাবাস জানায়, এই প্রশিক্ষণ দুই দেশের সেনাবাহিনীকে একে অপরের কৌশল, কার্যপদ্ধতি ও সক্ষমতা সম্পর্কে আরও গভীর ধারণা দেবে। পাশাপাশি ভবিষ্যতে যৌথ অভিযানে কার্যকর সমন্বয় এবং পারস্পরিক আন্তঃকার্যক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) বৃদ্ধি পাবে।
‘টাইগার লাইটনিং’ মহড়া ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান ও নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর লক্ষ্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক সুদৃঢ় করা, সামরিক দক্ষতা ও প্রস্তুতি বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরও উন্নত করা।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে ‘টাইগার লাইটনিং’ যৌথ সামরিক মহড়া প্রথম অনুষ্ঠিত হয় ২০১৭ সালে। কোভিড-১৯ মহামারির কারণে মাঝখানে সাময়িক বিরতি থাকলেও গত পাঁচ বছর ধরে এটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।


