রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও জোরদারে বিমসটেকভুক্ত দেশগুলোর সক্রিয় ভূমিকা কামনা করেছে বাংলাদেশ।

সোমবার (২০ জুলাই) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে অনুষ্ঠিত ‘থ্রি ডিকেডস অব বিমসটেক: অ্যাডভান্সিং রিজিওনাল কো-অপারেশন ফর শেয়ার্ড প্রসপারিটি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা প্রয়োজন। এ ক্ষেত্রে বিমসটেকভুক্ত দেশগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ, সহনশীল ও সমৃদ্ধ বঙ্গোপসাগরীয় অঞ্চল গড়ে তুলতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান বিমসটেক চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক সংহতি, আঞ্চলিক সংযোগ, বাণিজ্য ও বিনিয়োগ, ব্লু ইকোনমি এবং জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারে সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আঞ্চলিক প্রতিশ্রুতিকে বাস্তব কর্মসূচিতে রূপ দিতে কার্যকর সহযোগিতা এবং বিমসটেকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেমিনার থেকে পাওয়া সুপারিশগুলো বিমসটেকে বাংলাদেশের নেতৃত্বকে আরও কার্যকর করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বিমসটেকের মহাসচিব রাষ্ট্রদূত ইন্দ্রমণি পাণ্ডে সংস্থার চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, নারীর উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন, বিদ্যুৎ গ্রিড আন্তঃসংযোগ, জ্বালানি সহযোগিতা, মাদক নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও আন্তঃসীমান্ত অপরাধ দমন, পর্যটন, ভিসা সহজীকরণ এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিমসটেকের সহযোগিতা আরও জোরদার হচ্ছে।

সেমিনারে বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান স্বাগত বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইআইএসএসের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির। প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রাশেদুজ্জামান এবং সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম। অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল এ এন এম মুনীরুজ্জামান (অব.)।

আলোচনায় গত তিন দশকে বিমসটেকের অগ্রযাত্রা পর্যালোচনার পাশাপাশি সংস্থাটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিমসটেকভুক্ত দেশগুলোর প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, সশস্ত্র বাহিনীর সদস্য, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের প্রতিনিধিসহ গণমাধ্যম ও নীতিনির্ধারণী সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।