বাংলাদেশের জনগণ যখনই দুর্যোগ ও সংকটে পড়েছে, তখনই চীন পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি পরিচালনা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় চীনা দূতাবাসের পক্ষ থেকে ১ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়।
ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের জনগণের দুর্যোগ ও সংকটের সময়ে চীন সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
চীনা রাষ্ট্রদূত আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা ও নদী ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও জোরদার করা গেলে বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান চীনের এই সহায়তাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মানবিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন।


