আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এসব ভোটার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, গত ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদেরও চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

এর আগে, গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন হালনাগাদে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার বেড়ে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন হয়েছে বলে জানিয়েছিল কমিশন।

ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। ফরম-৬-এর মাধ্যমে দাবি, ফরম-৭-এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮-এর মাধ্যমে সংশোধনের আবেদন নেওয়া হয়েছে।

ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হয়। এরপর ২৮ আগস্টের মধ্যে সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সংযোজন ও সংশোধন সম্পন্ন করে সোমবার হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে।

এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

ভোটের সময়সূচি পেছানো হলে নতুন ভোটারদের অন্তর্ভুক্তির সুযোগ দিতে সম্পূরক তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।