গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তিনি বলেন, নির্দিষ্ট কোনো এলাকা নয়, সমগ্র পার্বত্য অঞ্চলে গুণগতমানসম্পন্ন শিক্ষাকে অধিকতর গুরুত্ব দেওয়া হবে।
বুধবার (০২ সেপ্টেম্বর) বান্দরবান পৌরসভার আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন সংস্থার মাধ্যমে বৃত্তির ব্যবস্থা করা একটি চমৎকার উদ্যোগ। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে এবং তারা একাডেমিক ফলাফলে আরও ভালো করার জন্য উৎসাহিত হবে।
অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী ৯০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।
এর আগে, বান্দরবান পৌরসভা মিলনায়তনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী সাচিং প্রু।
মতবিনিময় সভায় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের ১১টি ভাষা সংরক্ষণ ও পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এরই মধ্যে ১০টি ভাষার অনুবাদের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
মন্ত্রী আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফাতেও ক্ষুদ্র জাতিসত্তার ভাষা সংরক্ষণ ও সংগ্রহের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।


