দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। যেসব পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা বিধ্বস্ত হয়েছে, সেগুলো পুনর্নির্মাণে সরকার সহযোগিতা করবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ ও চারা দেওয়া হবে এবং নষ্ট হওয়া রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
বুধবার (১৬ জুলাই) বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, বন্যায় যেসব কৃষকের বীজ নষ্ট হয়েছে, তাদের পুনরায় চাষাবাদের জন্য প্রয়োজনীয় বীজ ও চারা সরবরাহ করা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের চেষ্টা চালানো হবে।
পরিদর্শন শেষে মন্ত্রী ভরাখালী এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান।


