বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) সকালে উত্তর বঙ্গোপসাগর ও ভারতের পশ্চিমবঙ্গ-ওডিশা উপকূলসংলগ্ন এলাকায় এ লঘুচাপের সৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা নেই। তবে এর প্রভাবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। যদিও গত আট দিনের মতো টানা বা অতিভারী বৃষ্টির আশঙ্কা নেই।

আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

একই সঙ্গে গভীর সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, লঘুচাপের কারণে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে। তবে এটি নিম্নচাপে পরিণত হবে না; সর্বোচ্চ সুস্পষ্ট লঘুচাপে রূপ নিতে পারে এবং পরে ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে সরে যাবে।

তিনি আরও বলেন, লঘুচাপের প্রভাবে আগামী শুক্র ও শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকাতেও বৃষ্টি হতে পারে। তবে দেশের কোথাও অতিভারী বৃষ্টির আশঙ্কা নেই; কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

উল্লেখ্য, গত ৫ জুলাই সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত হয়, যার ফলে অন্তত ১১টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত জুলাই মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের প্রায় ৭৯ শতাংশ ইতোমধ্যে রেকর্ড হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, নতুন এ লঘুচাপের প্রভাবে কিছুটা বৃষ্টি বাড়লেও আগের দফার মতো ব্যাপক বা দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।