বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী।

বুধবার (০২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না বলে আশ্বস্ত করেন ইরানের রাষ্ট্রদূত।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মধ্যপ্রাচ্যসহ সংশ্লিষ্ট অঞ্চল এবং এর বাইরের মানুষের স্বার্থে চলমান উত্তেজনার দ্রুত অবসান এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে বাংলাদেশের প্রত্যাশার কথাও তিনি তুলে ধরেন।

এদিকে, সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়েও বৈঠকে আলোচনা হয়। ইরানের রাষ্ট্রদূত জানান, মক্কা প্যাক্ট ইরানের বিরুদ্ধে কোনো জোট নয়।

তিনি বলেন, ইরানকে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হলে তেহরান তা গ্রহণ করবে। একই সঙ্গে মক্কা প্যাক্টে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও ইরানের কোনো আপত্তি নেই বলে জানান তিনি।