শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে নগরের রহমতগঞ্জের জে. এম. সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনের পর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।
নগরের হোটেল র্যাডিসন ব্লুতে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলার নেতারা অংশ নেবেন। সভায় দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তবে গত ৯ আগস্টের সভার তুলনায় এবার অংশগ্রহণকারী নেতাকর্মীর সংখ্যা কম রাখা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম জানান, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন। সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জে. এম. সেন হলের পূজামণ্ডপে যাবেন তিনি। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক অনুদান দেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানায়, পূজামণ্ডপে প্রায় ৪০ মিনিট অবস্থান করতে পারেন প্রধানমন্ত্রী। এরপর বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বাসসকে বলেন, সভায় দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এতে বিএনপির নেতাকর্মীরা অংশ নিতে পারবেন। বর্তমানে অংশগ্রহণকারীদের তালিকা তৈরির কাজ চলছে। তবে গত ৯ আগস্টের সভার তুলনায় এবার অংশগ্রহণকারীর সংখ্যা কম রাখা হবে।
এর আগে, গত ৯ আগস্ট হোটেল র্যাডিসন ব্লুর হলরুমে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দলের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। প্রধানমন্ত্রীর এবারের চট্টগ্রাম সফর উপলক্ষে একই হোটেলে পুনরায় এ সভার আয়োজন করা হচ্ছে।


