আআফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা। বুধবার (১৫ জুলাই) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ নিয়োগের ঘোষণা দেন।
রাবাব ফাতিমা একজন পেশাদার কূটনীতিক। তিনি এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতিসংঘের স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশগুলোর উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, রাবাব ফাতিমার জাতীয় ও আন্তর্জাতিক সিভিল সার্ভিসে ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, উন্নয়ন কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়নে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
তিনি ইউএনএএমএর প্রধান হিসেবে কানাডার জর্জেট গ্যানিওনের স্থলাভিষিক্ত হচ্ছেন। গ্যানিওন এর আগে মিশনটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২০০২ সালে প্রতিষ্ঠিত হয় আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয়, রাজনৈতিক সংলাপ এগিয়ে নেওয়া এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মিশনটি।
ইউএনএএমএর কার্যক্রম ও ম্যান্ডেট নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকলেও গত জুনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিশনটির কার্যক্রম আরও এক বছরের জন্য নবায়ন করেছে।


