রোহিঙ্গা প্রত্যাবাসনকে দ্রুত ও টেকসই করার লক্ষ্যে ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পুনর্গঠিত এ কমিটি রোহিঙ্গা প্রত্যাবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ এবং আন্তঃসংস্থা কার্যক্রমের বাস্তবায়ন তদারকি করবে।

সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা রয়েছেন। এছাড়া কমিটির সদস্য হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রশাসনিক পর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি প্রিন্সিপাল স্টাফ অফিসার (সশস্ত্র বাহিনী বিভাগ), পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক এবং বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা কমিটির প্রধান সমন্বয়ক এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান সমন্বয়কের সরাসরি তত্ত্বাবধানে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়নের জন্য সদস্য সচিব একটি পর্ষদ গঠন করবেন। পর্ষদটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সুনির্দিষ্ট করণীয় নির্ধারণের পাশাপাশি রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের জন্য জাতীয় কর্মকৌশল প্রণয়ন করবে।

আগামী ৯০ দিনের মধ্যে এ কর্মকৌশল প্রণয়ন করে কমিটির কাছে উপস্থাপন করতে হবে।

কমিটিকে সহায়তা করবেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) কমিশনার, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন), এনএসআইয়ের পরিচালক (সীমান্ত) এবং সোশ্যাল স্ট্যাবিলিটি ইন্টেলিজেন্স ব্যুরোর (এসএসআইবি) পরিচালক।

প্রজ্ঞাপন অনুযায়ী, রোহিঙ্গা প্রত্যাবাসন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কার্যক্রম সমন্বয় ও বাস্তবায়ন তদারকি করবে কমিটি। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যপরিধি ও দায়িত্বের ক্ষেত্রও নির্ধারণ করবে এই কমিটি।