শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব ও উত্তরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
জানা গেছে, সায়েন্সল্যাব এলাকায় বেলা ১১টা থেকেই শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে দুপুর ১২টার দিকে তারা একত্রিত হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সময় শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।
নিউমার্কেট থানার এক কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
এদিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে তারা রাস্তায় নেমে আসলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
উত্তরা পূর্ব থানার এক কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন।


