বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থনের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টায় সুইজারল্যান্ডের সহযোগিতা অব্যাহত থাকবে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রীর দপ্ত‌রে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎকালে সহযোগিতা অব্যাহত থাকার কথা তিনি পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনৈতিক খাতে সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ সময় উভয় পক্ষ অর্থনৈতিক অংশীদারত্বকে বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করে।

বাংলাদেশের কর্মশক্তির কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার বিষয়েও দুই পক্ষ একমত হয়।

সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের সম্পর্কও শক্তিশালী করা প্রয়োজন।

রাষ্ট্রদূত রেটো রেংগলি আশা প্রকাশ করেন, বার্নে বাংলাদেশের নতুন দূতাবাসের কার্যক্রম চালু হলে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে।

বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, বহুপক্ষীয়তাবাদ, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার মতো অভিন্ন মূল্যবোধের প্রতি দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এসব মূল্যবোধ সমুন্নত রাখতে বহুপক্ষীয় ফোরামগুলোতেও একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে উভয় পক্ষ।