বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে রাখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও সেগুলো মোকাবিলা করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। সাক্ষাৎ শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, অতীতকে ভুলে যাওয়া সম্ভব নয়। তবে অতীতে আটকে থাকলে উন্নয়ন ও দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব হবে না।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, সাক্ষাতে দুই দেশের মধ্যে মিলেমিশে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে অন্য দেশের মন্তব্য করা উচিত নয়। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত সরকারই জনগণের জন্য কোনটি ভালো, তা সবচেয়ে ভালোভাবে বুঝবে।

দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভারত সবসময় জনগণের সঙ্গে জনগণের সম্পর্ককে গুরুত্ব দেয়। দুই দেশের নেওয়া সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। তাই সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা উভয় দেশের দায়িত্ব।

সীমান্তের পাশাপাশি দুই দেশের মানুষ স্বপ্নও ভাগাভাগি করে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, প্রতিবেশী হিসেবে এ কারণে দায়িত্ব আরও বেড়ে যায়। দুই দেশ সমান; কেউ বড় বা ছোট নয়।

বাংলাদেশ ও ভারতের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জের প্রসঙ্গে তিনি বলেন, চ্যালেঞ্জ থাকবেই। বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জ যেমন রয়েছে, তেমনি ভারতেরও বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে দুই দেশকে সামনে এগিয়ে যেতে হবে।